করোনা মহামারির কারণে মোবাইল ডিভাইস কম্পোনেন্টের বাজারে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়া সত্ত্বেও ২০২১ সালে দুই কোটি ৯৫ লাখ হ্যান্ডসেট তৈরি করা হয়েছিল। তবে ডলারের বেশি দাম, বাড়তি করের পাশাপাশি ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় দেশে মোবাইল ফোন বিক্রি কমেছে। এমন পরিস্থিতিতে কমেছে স্থানীয়ভাবে তৈরি মোবাইল ফোন সেটের সংখ্যা। ২০১৭ সালের পর গত বছর প্রথম দেশে হ্যান্ডসেটের উৎপাদন কমলো।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুসারে, গত বছর দেশি প্রতিষ্ঠানগুলো দুই কোটি ৩৩ লাখ মোবাইল ফোন সেট তৈরি করেছিল। এটি ২০২২ সালে তৈরি করা তিন কোটি ১৭ লাখ সেটের তুলনায় ২৬ দশমিক ৩৫ শতাংশ কম।
সংশ্লিষ্টদের মতে, এমন পরিস্থিতির জন্য ডলারের বেশি দাম ও বাড়তি কর দায়ী। গত দুই বছর ধরে ক্রমবর্ধমান উচ্চ মূল্যস্ফীতির কারণে ক্রেতারা তাদের খরচ উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছেন। বাজার মন্দা এই শিল্পের জন্য আরেকটি বড় হুমকি তৈরি করেছে।
সংশ্লিষ্টরা বলছেন, বাহ্যিক ও অভ্যন্তরীণ সংকটগুলো মিলে স্থানীয় মোবাইল সেট উৎপাদন শিল্পকে ক্ষতিগ্রস্ত করেছে। এ ছাড়া, এলসি খোলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ পুরো সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করেছে।
তারা আরও বলছেন, কোনো কোনো ক্ষেত্রে হ্যান্ডসেটের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ। মানুষের ক্রয় ক্ষমতা আগের পর্যায়ে না এলে এই শিল্প ঘুরে দাঁড়াতে বা প্রবৃদ্ধি অর্জনে বাধাপ্রাপ্ত হবে।
মন্দা এতটাই প্রভাব ফেলছে যে ২০২৩ সালে স্থানীয়ভাবে তৈরি ফোনের সংখ্যা ২০২০ সালের তুলনায় আরও কম। ২০২০ সালে দুই কোটি ৪০ লাখের বেশি হ্যান্ডসেট তৈরি করা হয়েছিল।
করোনা মহামারির কারণে মোবাইল ডিভাইস কম্পোনেন্টের বাজারে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়া সত্ত্বেও ২০২১ সালে দুই কোটি ৯৫ লাখ হ্যান্ডসেট তৈরি করা হয়েছিল।
২০২২ সালে স্থানীয়ভাবে তিন কোটি ১৬ লাখ হ্যান্ডসেট উৎপাদিত হয়েছে। এটি আনুষ্ঠানিক স্থানীয় চাহিদার ৯৯ শতাংশ।
মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমপিআইওএবি) তথ্যে জানা যায়, গত বছর মোবাইল ফোন বিক্রি কমেছে ৩৩ শতাংশ।
