বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে বিচার প্রক্রিয়া এগিয়ে চলছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে দলটিকে আইনের আওতায় আনা হবে। তাঁর দাবি, রাজনৈতিকভাবে দলটির পতন ঘটেছে এবং ভবিষ্যতে বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ থাকবে না। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়ীদের বিচারের উদ্যোগ অব্যাহত রয়েছে। তিনি দাবি করেন, এ বিষয়ে সংবিধান ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী রাজনৈতিক দলগুলোর বিচার করার বিধান রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বিএনপির নেতৃত্ব ও দলীয় নেতা-কর্মীদের ভূমিকার কথাও উল্লেখ করেন। একই সঙ্গে ‘জুলাইয়ের চেতনা’ রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।