জাপানের ফুটবল কিংবদন্তি কাজুইউশি মিউরা আবারও আলোচনায় এসেছেন। ৫৯ বছর বয়সে প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করেছেন তিনি। শনিবার এম্পেরর কাপের ম্যাচে তাঁর গোলে ফুকুশিমা ইউনাইটেড ৭-০ ব্যবধানে ইওয়াকি ফুরুকাওয়াকে হারিয়ে পরের রাউন্ডে ওঠে।
‘কিং কাজু’ নামে পরিচিত মিউরা ম্যাচের ৫২তম মিনিটে দলের পঞ্চম গোলটি করেন। সতীর্থের বাড়ানো পাসে এক ছোঁয়ায় বল জালে পাঠান তিনি। গোলের সময় তাঁর বয়স ছিল ৫৯ বছর ১৪৯ দিন। গোলের তিন মিনিট পরই তাঁকে তুলে নেওয়া হয়।
২০২২ সালের নভেম্বরের পর এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলেন মিউরা। পেশাদার ক্যারিয়ারের ৪২তম মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন তিনি। ফুকুশিমা ইউনাইটেডের সঙ্গে তাঁর ধারে খেলার চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
