বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

বাবার অটোরিকশা থেকে পড়ে প্রাণ গেল শিশুর

বাবার অটোরিকশা থেকে পড়ে প্রাণ গেল শিশুর

বাবার ব্যাটারিচালিত অটোরিকশাভ্যান থেকে  পড়ে শাফিন আহন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে রাজধানীর কাজলার ছনটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মহানগর পুলিশের ডেমরা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মধুসূদন দাস বলেন, পরিবারের সঙ্গে ছনটেক এলাকার একটি বাসায় থাকত শাফিন। তার বাবা নূরনবী আহন পেশায় ভ্যানচালক। শুক্রবার সকালে সে বাসার সামনে রাখা বাবার অটোরিকশায় উঠে বসে। এ সময় চাবি ঘোরাতেই রিকশাটি চলতে শুরু করে। তখন টাল সামলাতে না পেরে শিশুটি পড়ে গিয়ে গুরুতর আঘাত পায়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।