রাজধানীর উত্তরায় এক শ্রীলঙ্কার নাগরিকের বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ অর্ধকোটি টাকার মালপত্র চুরি হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী গৃহকর্তা উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। রাত পর্যন্ত এ ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ওসি আবুল হাসান বলেন, এনভয় গ্রুপের কর্মকর্তা কানিশকা হারিন্ড্রা পেরেরা সপরিবারে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১০ নম্বর বাসার চতুর্থ তলায় থাকেন। সকালে তিনি ঘুম থেকে ওঠার পর চুরির বিষয়টি বুঝতে পারেন। তাঁর বাসার জিনিসপত্র এলোমেলো ও আলমারি খোলা ছিল। খোঁজ নিয়ে দেখেন, নগদ ৪ লাখ ৮০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ মোট ৫১ লাখ ২৭ হাজার টাকার মালপত্র চুরি হয়েছে।
কানিশকা হারিন্ড্রা পেরেরা জানান, পাশের বাসার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ভোর ৪টা থেকে সকাল ৬টার মধ্যে চুরির ঘটনা ঘটে। ফুটেজে চোরের চেহারা দেখা গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
