বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

সৌরভের বায়োপিকের পরিচালক কে?

সৌরভের বায়োপিকের পরিচালক কে?

বর্ণময় ক্রিকেট ক্যারিয়ার সৌরভ গাঙ্গুলির। এবার সেই কীর্তিগাঁথা নিয়ে তৈরি হতে যাচ্ছে ‘বায়োপিক’। বিষয়টি বিগত দুই তিন বছর ধরেই ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। ‘প্রিন্স অফ ক্যালকাটা’র ভূমিকায় ‘পাঞ্জাব দি পুত্তর’ আয়ুষ্মান খুরানা। গতবছরই এটি জানা যায়। কিন্তু বায়োপিক কে পরিচালনা করছেন?

এবার শোনা গেল, সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের দায়িত্ব পাচ্ছেন বিক্রমাদিত্য মোতওয়ানে নামের বলিউডের এক পরিচালক। যিনি এর আগে ‘লুটেরা’, ‘উড়ান’, ‘ভবেশ যোশি সুপারহিরো’র মতো একাধিক সিনেমায় পরিচালক হিসেবে নিজের দক্ষতার ছাপ রেখেছেন।

গতবছর জুবিলি ওয়েব সিরিজের সুবাদেও শোরগোল ফেলে দিয়েছিলেন। সেই পরিচালক যদি ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বায়োপিকের দায়িত্ব নেন, তাহলে যে দারুণ একটা প্রজেক্ট আসতে চলেছে, তা বলাই বাহুল্য।

বাঙালির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু কোনো ক্রিকেট তারকা নয়, সৌরভ একটা আবেগের নাম। ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, শুধু ২২ গজে নয়, মাঠের বাইরেও হিট দাদাগিরি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই বর্ণময় জীবনই উঠে আসবে বড়পর্দায়। লাভ রঞ্জন ফিল্মসের আওতায় তৈরি হবে এ ক্রিকেটারের বায়োপিক। সৌরভের বায়োপিকে লিড রোল কে করবেন ? শুরুতে রণবীর কাপুরের নাম শোনা গিয়েছিল, পরে জানা যায় রণবীরকে বোল্ড আউট করে এগিয়ে গিয়েছেন আয়ুষ্মান। সৌরভের মতোই বাঁ হাতি ব্যাটসম্যান আয়ুষ্মান, এটাই তার পক্ষে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট।