শুক্রবার, মে ৮, ২০২৬

রোহিঙ্গা সংকট সমাধান করতে চায় সরকার: মির্জা ফখরুল

রোহিঙ্গা সংকট সমাধান করতে চায় সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা সমস্যা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, যা আমরা দ্রুত সমাধান করতে চাই।

আজ বুধবার সকালে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এক সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর) আয়োজিত এ সংলাপে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে বর্তমানে আমাদের সামষ্টিক অর্থনীতির (ম্যাক্রো ইকোনমিক্স) যে অবস্থা, তা উত্তরণে কাজ করছি। সামগ্রিকভাবে অর্থনীতিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে আমাদের সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচির মতো উদ্যোগগুলো জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে।

মির্জা ফখরুল বলেন, বিনিয়োগের ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে চিহ্নিত হয়েছে সরকারি অ্যাজেন্সিগুলোর ধীরগতি। আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েন। আমরা এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি যেন একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা যায়। দেশে ব্যবসা করার বর্তমান পরিবেশ বা ‘বিজনেস ক্লাইমেট’ খুব একটা সন্তোষজনক নয়। প্রধানমন্ত্রী প্রতিদিন এ বিষয়ে মন্ত্রণালয়গুলোর সাথে আলোচনা করছেন এবং প্রতিটি কাজ দ্রুত সম্পন্ন করার জন্য তাগিদ দিচ্ছেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমাদের জ্বালানি খাতে বড় ধরনের সঙ্কট রয়েছে। এই সঙ্কট মেটাতে আমরা নবায়নযোগ্য জ্বালানি এবং সোলার এনার্জির ওপর গুরুত্ব দিচ্ছি। একইসাথে স্থলভাগ (অনশোর) ও সমুদ্রসীমায় (অফশোর) তেল-গ্যাস অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। আশা করছি, আগামী তিন মাসের মধ্যে আমরা এসব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় যেতে পারব।

তিনি বলেন, বিশাল জনসংখ্যার এই দেশে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন। অতীতে রাজনৈতিক ক্ষেত্রে যেসব সমস্যা ছিল, সেগুলো পুরোপুরি না কাটলেও পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হয়েছে। দেশে স্থিতিশীলতা বজায় রাখতে পারলে আমরা বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবো।