বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ, বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ, বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে

দেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে জেলা প্রশাসনের মাধ্যমে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ লক্ষ্যে প্রতি মাসে চিকিৎসকদের ডিউটি রোস্টার সংগ্রহ, তথ্য যাচাই, আকস্মিক পরিদর্শন এবং অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, শয্যাসংখ্যার ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখতে হবে। ৫০ শয্যার একটি হাসপাতালে প্রতি শিফটে অন্তত পাঁচজন মেডিকেল অফিসারের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে। সিভিল সার্জনদের চিকিৎসকদের নাম, বিএমডিসি নিবন্ধন নম্বর ও অন্যান্য তথ্য সংগ্রহ করে নিয়মিত যাচাই করতে বলা হয়েছে। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে মনিটরিং কার্যক্রমের প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হবে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং অনিয়ম কমাতে ইতিবাচক প্রভাব পড়বে।