বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

গ্যাস লিকেজে বিস্ফোরণে ঢাকায় ফাহিমা, স্বামী ও ভাগনির মৃত্যু

গ্যাস লিকেজে বিস্ফোরণে ঢাকায় ফাহিমা, স্বামী ও ভাগনির মৃত্যু

ঢাকায় নতুন জীবন শুরু করতে গিয়ে গ্যাস লিকেজের বিস্ফোরণে প্রাণ হারালেন কুমিল্লার দেবীদ্বারের ফাহিমা আক্তার, তাঁর স্বামী আনোয়ার হোসেন ও ভাগনি হাফসা। ১০ মাস আগে বিয়ে করা এই দম্পতি দেড় মাস আগে রাজধানীর উত্তর বাড্ডায় ভাড়া বাসায় উঠেছিলেন। ফাহিমা অনলাইন ব্যবসা বড় করার স্বপ্ন দেখছিলেন। হাফসাকে ঢাকায় স্কুলে ভর্তি করানোর পরিকল্পনাও ছিল তাঁর।

গত মঙ্গলবার ভোরে নতুনবাজার ১০০ ফিট এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এতে তিনজনই গুরুতর দগ্ধ হন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকার পর আনোয়ার, হাফসা ও পরে ফাহিমার মৃত্যু হয়। আজ সকালে দেবীদ্বারে ফাহিমার জানাজা শেষে স্বামী আনোয়ারের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

ফাহিমার বাবা গোলাম হোসেন অভিযোগ করেন, গ্যাস লিকেজের বিষয়টি বাড়ির মালিককে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।