ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটির তারিখ পরিবর্তন করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর অধীন ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ড, ময়মনসিংহ।
দেশের পিটিআইসমূহে পূর্বনির্ধারিত ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৩ সেপ্টেম্বর ছুটি পালন করা হবে।
ডিপিএড বোর্ডের উপপরিচালক (মূল্যায়ন) এ কে এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ১৭ সেপ্টেম্বর এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপ থেকে প্রেরিত পিটিআইসমূহের ছুটির তালিকা-২০২৬-এ ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল।
তবে এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় চলতি বছর নির্ধারিত তারিখের এক দিন আগে, অর্থাৎ ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পালন করা হবে।
এ কারণে আগামী ২৩ সেপ্টেম্বর দেশের পিটিআইসমূহ বন্ধ থাকবে। পরদিন ২৪ সেপ্টেম্বর পিটিআইসমূহে যথারীতি কার্যক্রম চলবে।
বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব পিটিআই সুপারিনটেনডেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে বিষয়টি অবগতির জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।
