ক্যালিফোর্নিয়ায় এক গোলটেবিল বৈঠকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও সেমিকন্ডাক্টর খাতে অংশীদারিত্বের সম্ভাবনা যাচাই করেছে বাংলাদেশ।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট জেনারেল গত ২৭ সেপ্টেম্বর ‘ফোর সিজনস হোটেল সিলিকন ভ্যালি’-তে এ বৈঠকের আয়োজন করে।
ক্যালিফোর্নিয়ায় আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বাংলাদেশ ও সিলিকন ভ্যালির প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা এআই, সাইবার নিরাপত্তা এবং সেমিকন্ডাক্টর ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বাস্তবসম্মত সুযোগ-সুবিধাদি নিয়ে আলোচনা করেছেন।
এ সময় বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে প্রযুক্তি খাতের নির্বাহী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা অংশ নেন।
এছাড়াও ডিজিটাল অবকাঠামো, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, ভেঞ্চার ক্যাপিটাল, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, পৃথিবী পর্যবেক্ষণ (আর্থ অবজারভেশন) ও উন্নত উৎপাদন প্রযুক্তিও এই আলোচনায় অন্তর্ভুক্ত ছিল।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
আয়োজিত বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন— রেপ্লিট-এর প্রতিষ্ঠাতা ও সিইও আমজাদ মাসাদ, জিস্কেলার-এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও জে চৌধুরী ও ইন্টেল-এর সাবেক চেয়ারম্যান ওমর ইশরাক।
কারম্যাক্স-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার শামিম মোহাম্মদ গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন।
