বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

ভোট চেয়ে বিজ্ঞাপন: জরিমানা গুনলেন স্বতন্ত্র প্রার্থী

ভোট চেয়ে বিজ্ঞাপন: জরিমানা গুনলেন স্বতন্ত্র প্রার্থী

ভোট চেয়ে দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এবং ফুটপাতে নির্বাচনী ক্যাম্প বসিয়ে জরিমানা গুনলেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী কিষাণ।

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর মোহরা কামাল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী তাকে এ জরিমানা করেন।

জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী। পাশাপাশি কামাল বাজার এলাকায় ফুটপাত দখল করে নির্বাচনী ক্যাম্প করেছেন। এসব অপরাধে মঙ্গলবার সন্ধ্যা ৬-৭টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রার্থী বিজয় কুমার চৌধুরীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রার্থী জরিমানার অর্থ পরিশোধ করেছেন।