বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

শিশু আয়ানের মৃত্যু : আদালতের আদেশের অপেক্ষায় স্বাস্থ্যমন্ত্রী

শিশু আয়ানের মৃত্যু : আদালতের আদেশের অপেক্ষায় স্বাস্থ্যমন্ত্রী

সুন্নতে খৎনা করাতে গিয়ে রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা করছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রবিবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে তদন্ত রিপোর্ট হয়েছে এবং হাইকোর্ট থেকে কি রায় দেয়, সেটা আমরা দেখি আগে। তারপর পদক্ষেপ নেওয়া হবে।

শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রবিবার) হাইকোর্টে ১৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক (আইন) ডা. পরিমল কুমার পাল এ প্রতিবেদন জমা দিয়েছেন।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, আয়ান চাইল্ডহুড অ্যাজমা সমস্যায় ভুগছিল। শ্বাসকষ্টের জন্য আয়ানকে মাঝে মাঝে নেবুলাইজার ও ইনহেলার দেওয়া লাগতো। সুন্নতে খৎনার অপারেশনের আগে ওয়েটিং রুমে তাকে নেবুলাইজার ও ইনহেলার দেওয়া হয়েছিল। এ বিষয়টি চিকিৎসকদের জানানো হয়নি।

প্রতিবেদনের মতামত অংশে আরও বলা হয়, শিশু আয়ানের অপারেশনের সময় স্বাভাবিক রক্তপাত হয়েছে বলে ধারণা করা হয়।