মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

পোশাকশ্রমিকদের বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব, কবে কার্যকর?

পোশাকশ্রমিকদের বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব, কবে কার্যকর?

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। নতুন ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাবও করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে মালিকপক্ষের প্রস্তাবের অপেক্ষায় রয়েছে নিম্নতম মজুরি বোর্ড।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ এ প্রস্তাব দেয়। সভা শেষে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, চার সদস্যের পরিবারের খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় এ প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে, মালিকপক্ষ প্রস্তাব জমা দিতে আরও সময় চেয়েছে। বোর্ড তাদের চার কার্যদিবস সময় দিয়েছে। চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করে কার্যকরের পরিকল্পনা রয়েছে।