মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’

বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’

বিশ্বজুড়ে শান্তি, উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতায় বিজ্ঞানের ভূমিকা তুলে ধরতে আজ ১০ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব বিজ্ঞান দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘কমন গ্রাউন্ড থ্রু সায়েন্স ডিপ্লোম্যাসি’, যার অর্থ ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর উদ্যোগে দিবসটি পালিত হয়। বিজ্ঞান ও সমাজের মধ্যে সম্পর্ক জোরদার, বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে উৎসাহ এবং টেকসই উন্নয়নে গবেষণার গুরুত্ব তুলে ধরা এর মূল উদ্দেশ্য।

জলবায়ু পরিবর্তন, মহামারি, খাদ্যসংকট, পরিবেশদূষণ ও জ্বালানি নিরাপত্তার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। এবারের প্রতিপাদ্যে দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, সংলাপ এবং গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

১৯৯৯ সালে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব বিজ্ঞান সম্মেলনে বিজ্ঞান ও সমাজের সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। এর ধারাবাহিকতায় ২০০১ সালে ইউনেস্কো ১০ নভেম্বরকে বিশ্ব বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করে। ২০০২ সালে প্রথমবারের মতো দিবসটি উদযাপিত হয়।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কৃষি, চিকিৎসা, শিক্ষা, শিল্প ও জ্বালানি খাতের অগ্রগতিতে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ। জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় গবেষণাভিত্তিক পরিকল্পনা প্রয়োজন।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, তথ্যের গোপনীয়তা, ভুয়া বৈজ্ঞানিক তথ্য এবং প্রযুক্তিগত বৈষম্যের মতো চ্যালেঞ্জও বাড়ছে। এসব মোকাবিলায় গবেষণার পাশাপাশি নৈতিকতা, জবাবদিহি ও জনসচেতনতা নিশ্চিত করা জরুরি।

বিজ্ঞানচর্চায় উৎসাহ, গবেষণায় বিনিয়োগ এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের সুফল সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এবারের বিশ্ব বিজ্ঞান দিবস।