বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

নতুন সরকারের বড় চ্যালেঞ্জ ‘অর্থনীতি’

নতুন সরকারের বড় চ্যালেঞ্জ ‘অর্থনীতি’

অর্থনীতি ঠিক রাখা নতুন সরকারের মূল চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এজন্য সরকারকে অর্থনীতির সম্ভাবনাময় খাতগুলো উন্মোচন করতে হবে। রাজস্ব সংগ্রহে সবচেয়ে বেশি জোর দিতে হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘অর্থনীতি যদি সবল না থেকে দুর্বল থাকে তাহলে দেশ কীভাবে এগোবে?’

মুস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার জন্য অনেকগুলো এলাকা আছে। যে এলাকাগুলো এখনো পূর্ণ মাত্রায় উন্মোচন করা হয়নি। অনেক কম্পনেন্ট আবিষ্কার হয়নি। এসব বিষয়ে সরকারকে আরো কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘নতুন অর্থমন্ত্রীর অগ্রাধিকার হবে রাজস্ব সংগ্রহ বাড়ানো। সেজন্য যেসব জায়গায় এখনো এক্সপ্লোর করা হয়নি সেগুলো করতে হবে। রাজস্ব সংগ্রহ নিয়ে সরকারের বড় চিন্তা রয়েছে।’

তিনি জানান, ‘নতুন সরকারের অর্থমন্ত্রী কে হবেন সেটা প্রধানমন্ত্রী ঠিক করবেন। তবে যিনি অর্থমন্ত্রী হোক না কেন, অর্থনীতিকে আরও গতিশীল করতে কাজ করবে সরকার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে উত্তীর্ণ হয়েছিলো, যা সাম্প্রতিক সময়ে কমেছে। তবে আগামীতে ৩০ বিলিয়নের নিচে নামতে দেওয়া হবে না।’

বাংলাদেশের অর্থনীতিতে স্যাংশন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশ কোন অন্যায় করে নাই। ফলে বাংলাদেশের উপর কোন ধরনের নিষেধাজ্ঞা আরোপের কারণও নেই। এরকম কেউ কিছু করলে সেটা হবে জোর করে করা। কেউ জোর করে করলে করতেই পারে। বাংলাদেশও সেরকম করতে পারে।’