বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

ঘুষ নেয়ার অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী গ্রেফতার

ঘুষ নেয়ার অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী গ্রেফতার
ঘুষ নেয়ার অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানভকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মঙ্গলবার (১৬ এপ্রিল) তদন্ত কমিটি জানিয়েছে, তৈমুর ইভানভকে গ্রেফতার করা হচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। ২০১৬ সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত হন তৈমুর ইভানভ। তিনি দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন। মূলত অ্যাক্টিভিস্টরা দীর্ঘদিন ধরে রাশিয়ায় কথিত ব্যাপক মাত্রার দুর্নীতির সমালোচনা করে আসছেন। ২০২২ সালে ‘রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণ কাজের সময় দুর্নীতির পরিকল্পনায়’ অংশগ্রহণের জন্য রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানভকে অভিযুক্ত করেছিল দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন (এসিএফ)। এই সংস্থাটি রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনি প্রতিষ্ঠা করেছিলেন। এসিএফ বলছে, বিশেষ করে ইউক্রেনীয় বন্দরনগরী মারিউপোলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন তৈমুর ইভানভ। এই শহরের বেশিরভাগই ইউক্রেনে আগ্রাসনের সময় কয়েক মাস চলা রাশিয়ান বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে। বিবিসি বলছে, রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধির ২৯০ অনুচ্ছেদের ৬ অংশের অধীনে ইভানভকে গ্রেফতার করা হয়েছে। এই দণ্ডবিধি তখনই প্রযোজ্য হয় যখন সন্দেহভাজন অভিযুক্তের ঘুষ নেয়ার পরিমাণ ১০ লাখ রুবল ছাড়িয়ে যায়। এই ধরনের অপরাধগুলো বড় অংকের জরিমানা এবং ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড পর্যন্ত হয়ে থাকে।