উসমান খান—টপ অর্ডার ব্যাটসম্যান, নাকি মিডল অর্ডার ব্যাটসম্যান? উসমানের দুই ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ার দেখলে মনে হবে, তিনি একজন মিডল অর্ডার ব্যাটসম্যান, মিডল অর্ডারে পারফর্ম করেই হয়তো তিনি দলে এসেছেন। কারণ, নিউজিল্যান্ড সিরিজে অভিষেক হওয়া এই ক্রিকেটার এখন পর্যন্ত খেলা দুই ম্যাচে ব্যাটিং করেছেন ৪ নম্বরে।
মিডল অর্ডারে খেলা এই ব্যাটসম্যান আসলে একজন টপ অর্ডার ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর করা মোট রানের প্রায় ৮০ শতাংশই এসেছে টপ অর্ডারে ব্যাট করে। তাহলে পাকিস্তানের পরীক্ষা নিরীক্ষার নিউজিল্যান্ড সিরিজে উসমানকে কেন টপ অর্ডারে সুযোগ দেওয়া হচ্ছে না? উসমানের ব্যাটিং অর্ডারের মতো এমন কয়েকটি প্রশ্নই বিশ্বকাপের আগে এখন পাকিস্তানের সামনে।
অনেকেই ভাবতে পারেন, ৩ নম্বরে ব্যাটিং করা আর ৪ নম্বরে ব্যাটিং করার মধ্যে পার্থক্যটা কি খুব বেশি? সরাসরি এই প্রশ্নের উত্তর নেই, তবে অন্য দুই সংস্করণের চেয়ে ২০ ওভারের খেলায় পার্থক্য কিছুটা তো আছেই, আর উসমানের বেলায় এই পার্থক্যটা আরও বেশি। এটা প্রমাণে পরিসংখ্যানের সাহায্য নেওয়া যেতে পারে।
৩৯ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে উসমান সব মিলিয়ে রান করেছেন ১২১৯। সেখানে ওপেনিংয়ে নেমে করেছেন ৬০১ রান, তিন নম্বরে ৩৭৪। ওপেনিংয়ে উসমানের স্ট্রাইকরেট ১৫২ আর তিন নম্বরে ১৬৪। এই উসমানই ৪ ও ৫ নম্বরে খেলে কত স্ট্রাইক রেটে রান করেছেন জানেন, ১১৫! চলতি বছরে উসমান ১০ ইনিংসে ওপেন করে আউট হয়েছেন মাত্র দুবার, পাওয়ারপ্লেতে তুলেছেন ওভারপ্রতি ৯ রানের বেশি করে।
অর্থাৎ, এটা স্পষ্ট উসমান নতুন বলটাতেই বেশি ভালো খেলেন। সর্বশেষ পিএসএলে পারফর্ম করেই উসমান পাকিস্তানি ক্রিকেট কর্তাদের নজরে এসেছেন। সেই টুর্নামেন্টে ৭ ইনিংসে ৪৩০ রান করেছিলেন উসমান, স্ট্রাইকরেট ছিল ১৬৪, গড় ১০৭.৫০। এর সবটাই টপ অর্ডারে ব্যাটিং করে। তবু পাকিস্তানের হয়ে অভিষেক সিরিজে উসমান ব্যাট করছেন ৪ নম্বরে!
