অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে সোমবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।
স্থানীয় আবহাওয়া অফিস জানায়, বেলা তিনটায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা জেলায় গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।
বৈশাখের খরতাপে ওষ্ঠাগত চুয়াডাঙ্গার মানুষের প্রাণ। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য থাকছে কম।
দিনের বেলায় প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম নিত্যসঙ্গী হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবনে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ।
দুপুর ১২টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। দুপুরে মরুভূমির মতো তাপ অনুভূত হচ্ছে সীমান্তবর্তী জেলাটিতে।
চলমান তাপপ্রবাহে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন শ্রমজীবীরা।
জেলা শহরের শহীদ হাসান চত্বরের ভ্যানচালক খোরশেদ আলম বলেন, ‘এই গরমে খুব কষ্ট হচ্চি। ঘন ঘন পানি তিষ্টা লাগচি। গরমে মানুষ রাস্তায় বের হচ্চি না। তাই ভাড়াও কমি গিচে।’
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ল চুয়াডাঙ্গা। এর আগে ২০১৪ সালের ২১ মে এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিন এমন অবস্থা বিরাজ করতে পারে।’
