অপরিশোধিত তেলের দুই বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড— শতাংশ হিসেবে উভয়ের দাম ব্যারেলপ্রতি বেড়েছে চার শতাংশের বেশি। বৃহস্পতিবার রাতে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীকে লক্ষ্য করে মার্কিন-ব্রিটিশ বাহিনীর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যেই উল্লম্ফণ ঘটেছে অপরিশোধিত জ্বালানি তেলের দামে।
রয়টার্সের তথ্য অনুসারে, শুক্রবার প্রতি ব্যারেল (এক ব্যারেল = ১৫৯ লিটার) ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ৮০ দশমিক ৫৭ ডলার এবং প্রতি ব্যারেল ডব্লিউটিআই ক্রুড বিক্রি হয়েছে ৭৫ দশমিক ০৭ ডলারে।
আগের দিন বৃহস্পতিবারের তুলনায় এই দিন ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৩ দশমিক ১৬ ডলার বা ৪ দশমিক ১ শতাংশ এবং ডব্লিউটিআই’র দাম বেড়েছে ৩ দশমিক ৫ ডলার বা ৪ দশমিক ২ শতাংশ।
জ্বালানি পণ্যের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এমএসটি মারকুইয়ের বিশ্লেষক সাউল ক্যাভোনিক রয়টার্সকে এ প্রসঙ্গে বলেন, ‘জ্বালানি তেলের বৈশ্বিক বাণিজ্যে লোহিত সাগর-হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। যদি এই রুটে অস্থিরতা শুরু হয়— তাহলে তা আন্তর্জাতিক বাজারে ব্যাপক প্রভাব ফেলবে।’
সাউল বলেন, ‘এমনকি ১৯৭০ সালে জ্বালানি তেলের দামে যে অস্বাভাবিক উল্লম্ফণ ঘটেছিল এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে প্রাকৃতির গ্যাসের দাম যে হারে বেড়েছে, তার চেয়েও বড় হবে এই প্রভাবের মাত্রা।’
