শনিবার, নভেম্বর ৭, ২০২৬

ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার

ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার

যানজট কমাতে ও গণপরিবহন ব্যবস্থার সম্প্রসারণে ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা করছে সরকার। পাঁচটি প্রস্তাবিত রুটের মধ্য থেকে যাত্রী চাহিদা, অর্থনৈতিক ও পরিবেশগত বিষয় বিবেচনায় চূড়ান্ত রুট নির্বাচন করা হবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) উদ্যোগে বুয়েটের পরামর্শকরা প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা শেষ করেছেন। আগামী ছয় মাসের মধ্যে বিস্তারিত নকশা জমা দেওয়ার কথা রয়েছে। এ কাজের জন্য সরকার ৭ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

প্রস্তাবিত পাঁচটি রুটের মোট দৈর্ঘ্য ৭৯ দশমিক ৪ কিলোমিটার। এগুলো বিমানবন্দর-বসুন্ধরা, মধ্য বাড্ডা-ভুলতা, রামপুরা-ডেমরা, মোহাম্মদপুর-পোস্তগোলা এবং বিমানবন্দর-সাভার পর্যন্ত বিস্তৃত।

ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক মশিউর রহমান জানান, মনোরেল মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনের সঙ্গে যুক্ত হলে যাত্রীদের গন্তব্যে পৌঁছানো সহজ হবে।