পবিত্র কাবার সামনে জীবনসঙ্গীকে নিয়ে ছবি প্রকাশ করে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। তবে বিয়ের কথা সরাসরি না জানালেও তাঁর পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
রোববার (৮ নভেম্বর) ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন নীহা। মক্কার মসজিদুল হারামে তোলা ছবিতে এক পুরুষের সঙ্গে তাঁকে দেখা যায়। দুজনের মুখ ছবিতে দেখা যায়নি।
ক্যাপশনে নীহা লেখেন, ব্যক্তিগত রাখতে চাওয়া জীবনের সুন্দর যাত্রার গল্প এবার সবার সঙ্গে ভাগ করে নিতে চান। আল্লাহর দেওয়া বন্ধন ও পবিত্র ঘরে একসঙ্গে আসার সুযোগের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। গত জুনে সম্পর্কের কথা জানালেও জীবনসঙ্গীর পরিচয় উপযুক্ত সময়ে প্রকাশের কথা বলেছিলেন তিনি।
