নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
সোমবার (৯ নভেম্বর) শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ‘উত্থাপিত হয়নি’ মর্মে রিটটি খারিজ করে দেন।
গত ১৯ আগস্ট হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল হাইকোর্টে আবেদনটি দায়ের করেন।
রিটে অভিযোগ করা হয়, আবদুল হান্নান মাসউদ হলফনামার বিষয়বস্তু সম্পর্কে পুরোপুরি অবগত না হয়েই তাতে স্বাক্ষর করে নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন। আইনজীবী ইব্রাহিম খলিলের দাবি, সংসদ সদস্য নিজেই প্রকাশ্যে এ কথা স্বীকার করেছেন।
রিটকারীর বক্তব্য অনুযায়ী, এ ধরনের পদক্ষেপ হলফনামা জালিয়াতির শামিল। এ অভিযোগের আইনগত প্রতিকার চেয়ে নোয়াখালী-৬ আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন করা হয়েছিল।
