ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। দেশে ফিরতে এত দেরি করার কারণ কী?
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেটের ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইনগতভাবে তার প্রাপ্য বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হবে। তিনি কেন দেশ ছেড়েছেন, সেটিও প্রশ্নের বিষয় বলে মন্তব্য করেন মন্ত্রী।
এ সময় সরকারি শিল্পকারখানা পুনরুজ্জীবনের পরিকল্পনা নিয়েও কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ সরকারি কারখানাগুলোর তালিকা তৈরি করা হয়েছে। প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বানের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী বছরের শুরুতে এ বিষয়ে দরপত্র কার্যক্রম শুরু হতে পারে।
মন্ত্রী আরও বলেন, শিল্পে বিনিয়োগ বাড়াতে জ্বালানি সরবরাহ ও ঋণের ব্যবস্থা গুরুত্বপূর্ণ। কৃষি উৎপাদন বাড়ানো এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে তরুণদের সম্পৃক্ত করলে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ তৈরি হবে।
