শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে দিনভর বিক্ষোভের পর মধ্যরাতে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে কর্মসূচি শেষ করে শুক্রবার সকাল থেকে আবার আন্দোলন শুরুর ঘোষণা দেন তাঁরা।

অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন ছাত্রীরা। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে। এ সময় পুলিশের লাঠিপেটায় দুই ছাত্রী আহত হয়েছেন বলে অভিযোগ আন্দোলনকারীদের।

শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত সময়ের পর অনুষ্ঠান চালানোর কারণে দুই ছাত্রীর আবাসিক আসন বাতিল করেন অধ্যক্ষ। আসন ফিরিয়ে দিতে এক রাতের বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রণের বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়।

অন্যদিকে অধ্যক্ষের দাবি, শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের বাইরে অনুষ্ঠান করায় শৃঙ্খলাভঙ্গের শাস্তি হিসেবে জরিমানা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, অধ্যক্ষের পদত্যাগসহ কয়েকটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শুক্রবার সকাল আটটা থেকে কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন তাঁরা।