ঠাকুরগাঁওয়ের কৃষকদের সারের সংকট আর থাকবে না বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। জেলার জন্য অতিরিক্ত ৪ হাজার টন টিএসপি সার বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী দুই দিনের মধ্যে বাজারে সারের সংকটের চিত্র বদলে যাবে।
শনিবার (৭ নভেম্বর) রুহিয়া উপজেলার সেনুয়া ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফয়সল বলেন, কোথাও সারের সমস্যা দেখা দিলে সরাসরি তাঁকে জানাতে হবে। বিষয়টি তিনি দেখবেন। অতিরিক্ত বরাদ্দের কারণে কৃষকদের চাহিদা পূরণ সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়ন পরিকল্পনার ওপর গুরুত্ব দেন। তাঁর ভাষ্য, আধুনিক ও গোছানো দেশ গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।
