রবিবার, নভেম্বর ৮, ২০২৬

১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু

১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু

ইসলামী ফ্রন্টের নেতা ও টেলিভিশন উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে হত্যাকাণ্ডের ১২ বছর পর মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

রোববার (৮ নভেম্বর) ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. শহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আগামী ৬ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সরকার জানান, কারাগারে থাকা আসামি হাদিসুর রহমান সাগরকে ভার্চুয়ালি অভিযোগ পড়ে শোনানো হয়েছে। জামিনে থাকা তিন আসামির অব্যাহতির আবেদন নাকচ করেছেন আদালত। দুই আসামি পলাতক থাকায় তাঁদের বিষয়ে শুনানি হয়নি।

মামলার ছয় আসামি হলেন হাদিসুর রহমান সাগর, আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ, রফিকুল ইসলাম ফারদীন, আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী, মাহমুদ ইবনে বাশার ও রতন চৌধুরী ওরফে ইঞ্জিনিয়ার রিপন।

২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর ছেলে ফয়সাল ফারুকী শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। ২০২৪ সালের ৫ নভেম্বর সিআইডি ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।

ফারুকী চ্যানেল আইয়ের ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’ এবং মাই টিভির ‘সত্যের সন্ধানে’ অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন।