এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এক নারী চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আনুষ্ঠানিক তদন্তের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস।
মার্কিন গোয়েন্দাদের তৈরি একটি গোপন স্মারকে দাবি করা হয়েছে, সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে তথ্য সংগ্রহ করছিলেন। তাঁর সঙ্গে জেনসেন হুয়াংয়ের প্রেমের সম্পর্ক ছিল বলে মার্কিন কর্মকর্তাদের ধারণা।
নিউইয়র্ক টাইমস ও ফিন্যান্সিয়াল টাইমসসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ, চীনা গোয়েন্দারা মার্কিন এআই প্রযুক্তির চিপ সম্পর্কে তথ্য সংগ্রহ এবং এনভিডিয়ার উন্নত চিপ চীনে বিক্রির বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন।
ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস জানিয়েছেন, কংগ্রেস এ ঘটনা তদন্ত করবে। অন্যদিকে, প্রতিনিধি পরিষদের কয়েকটি কমিটির রিপাবলিকান প্রধান জেনসেন হুয়াংকে ১১ নভেম্বরের মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে ব্রিফিং দেওয়ার নির্দেশ দিয়েছেন।
তবে এনভিডিয়া ও জেনসেন হুয়াং অভিযোগ অস্বীকার করেছেন। প্রতিষ্ঠানটির দাবি, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল সম্পূর্ণ পেশাদার ও ব্যবসায়িক। চীন সরকারও অভিযোগকে রাজনৈতিক অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে।
