রবিবার, নভেম্বর ৮, ২০২৬

জিয়ার ছবি নেই ব্যানারে, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলতেই উত্তপ্ত সভা

জিয়ার ছবি নেই ব্যানারে, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলতেই উত্তপ্ত সভা

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকা এবং শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধন করা নিয়ে হট্টগোল হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতা-কর্মীরা। পরে দুঃখ প্রকাশ করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় নির্ধারিত সময়ে সভা শুরু হয়নি। পরে তাঁর ছবি-সংবলিত পোস্টার ব্যানারে লাগানো হলে অনুষ্ঠান শুরু হয়।

সভায় এক বক্তা শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বললে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্রদলের এক নেতা মঞ্চের দিকে এগিয়ে যান। পরে ওই বক্তাকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়।

ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। জেলা প্রশাসক আল-মামুন মিয়া জানান, ইন্টারনেট থেকে ছবি নিয়ে ব্যানার তৈরি করা হয়েছিল।