বুধবার, নভেম্বর ১১, ২০২৬

প্রথমবার অধিনায়ক হামজা, শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে বড় পরিবর্তন

প্রথমবার অধিনায়ক হামজা, শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে বড় পরিবর্তন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেতৃত্বে প্রথমবারের মতো দেখা যাবে হামজা চৌধুরীকে। শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পাশাপাশি একাদশেও আসছে তিনটি পরিবর্তন।

বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ভুটানের বিপক্ষে খেলতে না পারা হামজা ও ফারহান আলী একাদশে ফিরছেন। তাঁদের জায়গা ছাড়ছেন জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ।

এ ছাড়া আক্রমণভাগে মোহাম্মদ ইব্রাহিমকে শুরু থেকে খেলানোর পরিকল্পনা রয়েছে। এতে একাদশের বাইরে থাকতে পারেন চোট পাওয়া বিশ্বনাথ ঘোষ।

ভুটানকে ১-০ গোলে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারাতে পারলে গ্রুপসেরা হবে স্বাগতিক দল।