হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। তবে রাজস্ব ভাগাভাগি, আইনি সুবিধা ও পুরোনো টার্মিনাল ব্যবহারের শর্ত নিয়ে বিতর্কের মধ্যেই চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে বেবিচক।
মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনা পর্ষদের সভায় জাপানি কনসোর্টিয়ামের অপারেশন ও মেইনটেন্যান্স (ওঅ্যান্ডএম) প্রস্তাব অনুমোদিত হয়। পরবর্তী অনুমোদনের জন্য প্রস্তাবটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন মিললে চুক্তি সম্পাদনের প্রক্রিয়া এগোবে।
প্রস্তাবিত শর্ত অনুযায়ী, আট মাসের প্রস্তুতিমূলক সময়ে বাংলাদেশকে ২৭ শতাংশের পরিবর্তে সাড়ে ১৩ শতাংশ রাজস্ব দেওয়ার প্রস্তাব করেছে জাপানি পক্ষ। এ ছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়ভার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওপর রাখা এবং আইনি সুরক্ষার বিশেষ সুবিধা চাওয়ার বিষয়েও আপত্তি রয়েছে।
চুক্তির শর্তে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ এবং ১৫ বছর শাহজালালের ১০০ কিলোমিটারের মধ্যে প্রতিযোগী বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম সীমিত রাখার বিষয়ও রয়েছে। এসব শর্তে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী ১৬ ডিসেম্বর সীমিত পরিসরে থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য রয়েছে।
