বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

বাংলাদেশে ৩০ কোটি ডলারের ডেনিম কারখানা, কর্মসংস্থান হবে ৪৪০০ মানুষের

বাংলাদেশে ৩০ কোটি ডলারের ডেনিম কারখানা, কর্মসংস্থান হবে ৪৪০০ মানুষের

তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং বাংলাদেশের ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে ডেনিম কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে নির্মিতব্য এ কারখানায় প্রায় ৪ হাজার ৪০০ মানুষের কর্মসংস্থান হবে।

বুধবার ইনভেস্ট বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সানকোর ডেনিম বিভাগ ইসকোর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে। কারখানাটিতে সমন্বিত সুতা উৎপাদন ইউনিটও থাকবে।

প্রকল্পটির মাসিক উৎপাদন সক্ষমতা নির্ধারণ করা হয়েছে প্রায় এক কোটি মিটার ডেনিম কাপড়। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা রয়েছে।

ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী, এ বিনিয়োগ দেশের বস্ত্রশিল্পের পশ্চাৎ-সংযোগ শিল্পকে শক্তিশালী করার পাশাপাশি পোশাক খাতের কাঁচামালের স্থানীয় সরবরাহ বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে রপ্তানি আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।

সানকো হোল্ডিংয়ের টেক্সটাইল ব্যবসার যাত্রা শুরু ১৯০৪ সালে। প্রতিষ্ঠানটির ডেনিম বিভাগ ইসকোর বার্ষিক উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ কোটি মিটার। বিশ্বের ৬০টিরও বেশি দেশে তাদের গ্রাহক রয়েছে।

ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে সানকো তাদের ১৩০ কোটি ডলারের বিনিয়োগ পাইপলাইনে ছিল। বিনিয়োগকারী সহায়তা ও নিয়মিত যোগাযোগের মাধ্যমে প্রকল্পটি বিনিয়োগ প্রতিশ্রুতির পর্যায়ে পৌঁছেছে।