দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। চলতি অর্থবছরে জিডিপিতে এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ।
তিনি বলেন, দেশে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ যুক্ত। বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
খাতটির সম্ভাবনা বাড়াতে আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশুপাখি, টিকাদান, গবেষণা ও খামার ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। রোগবালাই মোকাবিলায় আধুনিক টিকা উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়।
