ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে ‘তেরেনাম বাবু’কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ডিবির একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁকে আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তবে তাঁর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
