কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবুল দে (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল দে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি ডুলাহাজারা বাজারে একটি ফার্মেসি পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবুল। পথে তাঁর ছেলে রনি দে বাবাকে রক্তাক্ত অবস্থায় মহাসড়কে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
