রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ১০টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে। নতুন নির্দেশনা অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে।
আমদানিকারকরা সরবরাহকারী বা ক্রেতার ঋণের আওতায় পণ্য এনে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, রমজানে ভোগ্যপণ্যের বাড়তি চাহিদা বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগেভাগে আমদানি বাড়লে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্যবৃদ্ধির চাপ কমানো সম্ভব হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
