তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিনে সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।
বুধবার সম্মেলনের উদ্বোধনী ও পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ব্রাজিল, মালদ্বীপ, পাকিস্তান, সিরিয়া, ইরান ও কুয়েতের শীর্ষ নেতাদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। মালদ্বীপের প্রেসিডেন্টও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়া পুনর্গঠন, বিনিয়োগ ও কর্মসংস্থানে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
