বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

মালদ্বীপে ইসরাইলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরও কঠোর হচ্ছে

মালদ্বীপে ইসরাইলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরও কঠোর হচ্ছে

ইসরাইলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শর্তহীন ও স্থায়ী করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু জানিয়েছেন, প্রস্তাবিত অভিবাসন আইনে কোনো পরিস্থিতিতেই ইসরাইলি নাগরিকদের প্রবেশের সুযোগ রাখা হবে না।

সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মুইজু বলেন, আগের বিধিনিষেধ গাজায় ইসরাইলের সামরিক অভিযান বন্ধের শর্তের সঙ্গে যুক্ত ছিল। নতুন বিলে সেই শর্ত তুলে দিয়ে নিষেধাজ্ঞা স্থায়ী করার প্রস্তাব করা হয়েছে।

তিনি ফিলিস্তিনিদের প্রতি মালদ্বীপের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক ও আইনি পর্যায়ে দেশটি এ অবস্থান বজায় রাখবে।

২০২৫ সালের এপ্রিলে সংসদে পাস হওয়া অভিবাসন আইনের সংশোধনী অনুমোদনের পর প্রথমবার ইসরাইলি পাসপোর্টধারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে মালদ্বীপ। গাজায় ইসরাইলের সামরিক অভিযানের প্রতিবাদে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মালদ্বীপ ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়ে আসছে।