খনির জন্য জমি অধিগ্রহণের আশায় দিনাজপুরের বড়পুকুরিয়ায় গড়ে উঠেছে বহুতল ভবনের বিশাল এলাকা। ক্ষতিপূরণ বাড়াতে ভবন নির্মাণের প্রতিযোগিতার কথা স্বীকার করেছে খনি কর্তৃপক্ষ।
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির পাশে গড়ে উঠেছে প্রায় ১৫০টি দোতলা ও তিনতলা ভবন। তবে অধিকাংশ ভবনই জনমানবহীন। স্থানীয়দের কাছে এলাকাটি পরিচিত বাঁশপুকুর নামে।
স্থানীয়দের দাবি, ভবিষ্যতে জমি অধিগ্রহণ হলে বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় এসব ভবন নির্মাণ করা হয়েছে। খনির কার্যক্রমে মাটি দেবে যাওয়া, বিস্ফোরণ এবং ভবনের নির্মাণমান নিয়ে উদ্বেগ থাকায় সেখানে বসবাস করতে চান না অনেকে।
খনির কারণে ইতিমধ্যে আশপাশের ৭০০ একরের বেশি জমি অধিগ্রহণ করা হয়েছে বলে স্থানীয়দের দাবি। ক্ষতিপূরণ পেতে দীর্ঘসূত্রতা, হয়রানি ও ঘুষের অভিযোগও রয়েছে তাঁদের।
স্থানীয়দের অভিযোগ, চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধার প্রতিশ্রুতিও পূরণ হয়নি।
বড়পুকুরিয়া কয়লা খনি কোম্পানির জনসংযোগ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, বাঁশপুকুর এলাকায় খনির কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এলাকাটি অধিগ্রহণের জন্য নির্ধারিত। তাঁর মতে, বেশি ক্ষতিপূরণের আশায় আগেভাগেই ভবন নির্মাণের প্রবণতা বেড়েছে। ফলে ভবনগুলো ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত জনমানবহীন জনপদ।
