শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

সাংবাদিক হতে লাগতে পারে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, আসছে নিবন্ধন ব্যবস্থা

সাংবাদিক হতে লাগতে পারে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, আসছে নিবন্ধন ব্যবস্থা

প্রেস কাউন্সিলের মাধ্যমে সাংবাদিকদের নিবন্ধন ও অনলাইন ডেটাবেজ তৈরির পরিকল্পনা করছে সরকার। প্রস্তাবিত আইনে যুক্ত হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থাও।

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের প্রস্তাব তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান জানান, সংশোধিত আইনে বার কাউন্সিলের আদলে সাংবাদিকদের নিবন্ধন ও অনলাইন ডেটাবেজ তৈরির ক্ষমতা পাবে প্রেস কাউন্সিল।

প্রস্তাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও হয়রানিমূলক সংবাদ প্রকাশের দায়ে সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের জরিমানাসহ শাস্তির বিধান রাখার কথা বলা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন, গুজব ও বিদ্বেষমূলক তথ্য প্রচারের ঘটনায় কাউন্সিল নিজ উদ্যোগে তদন্ত ও ব্যবস্থা নিতে পারবে।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে প্রকৃত সাংবাদিকদের ডেটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার।