সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে রাজধানীর পাঁচটি হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, হাসপাতালগুলোর সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। সেবার জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অর্থের পরিমাণ নির্ধারণে আগামী সপ্তাহে বৈঠক হবে। এরপর কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
বগুড়ায় ক্যানসার ও লিভারসহ জটিল রোগের চিকিৎসা উন্নয়নের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। হাসপাতালে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র ও চিকিৎসক সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, নতুন করে প্রায় ২০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। বগুড়ায় ১৭ চিকিৎসক পদায়ন করা হয়েছে। আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে।
এ ছাড়া হাসপাতালের চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
