মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটে বাগেরহাটের মোংলায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণের পাশাপাশি সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন করা হবে। এর মাধ্যমে বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও সেবার আধুনিকায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে সকালে খুলনা ও বাগেরহাটে সরকারি কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে মোংলায় পৌঁছান।
সেখানে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন তিনি।
সমঝোতা অনুযায়ী, জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবহন, পরিবেশবান্ধব অবকাঠামো, পণ্য পরিবহন ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে দুই পক্ষ কাজ করবে।
