শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার ঢাকার ডেমরার মাতুয়াইলে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ‘লাইটিং আপ দ্য ফিউচার’ শীর্ষক স্মার্ট শ্রেণিকক্ষ অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, কারিগরি শিক্ষা উন্নয়নে দেশের নয়টি পলিটেকনিক ইনস্টিটিউটে চীনা পাঠ্যক্রম, গবেষণাগার, শিক্ষক ও সনদব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা চালু রয়েছে।
আগামী বছর দেশের প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট শ্রেণিকক্ষ ও গবেষণাগার স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
পরীক্ষার ফলাফল প্রসঙ্গে মন্ত্রী বলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আগামী ১ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য রয়েছে।
অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে দুটি স্মার্ট শ্রেণিকক্ষসহ কম্পিউটার, শিক্ষার্থীদের আসবাব ও বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়।
