কমেডি সিরিজ ‘ইয়েস, ডিয়ার’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেতা ও কমেডিয়ান অ্যান্থনি ক্লার্ক মারা গেছেন। নিউমোনিয়াজনিত জটিলতায় ৬২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। মঙ্গলবার তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তাঁর সহ-অভিনেতা ও বন্ধু মাইক ও’ম্যালি।
১৯৬৪ সালের ৪ এপ্রিল ভার্জিনিয়ায় জন্ম নেওয়া ক্লার্ক এমারসন কলেজ থেকে গণযোগাযোগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কলেজে পড়ার সময়ই স্ট্যান্ড-আপ কমেডিতে যুক্ত হন এবং ‘টপ কলেজ কমেডিয়ান’ পুরস্কার পান।
সিবিএসের জনপ্রিয় সিটকম ‘ইয়েস, ডিয়ার’-এ গ্রেগ ওয়ার্নার চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। এ ছাড়া ‘বোস্টন কমন’, ‘সোল ম্যান’ ও ‘লাস্ট কমিক স্ট্যান্ডিং’সহ বিভিন্ন টিভি অনুষ্ঠানে কাজ করেছেন। ‘দ্য রক’সহ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তাঁর মৃত্যুতে সহকর্মী ও বন্ধুরা শোক প্রকাশ করেছেন।
