জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খানের অনুপস্থিতিতে স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করবেন রাষ্ট্রদূত সঞ্চিতা হক। এ দায়িত্ব বণ্টনকে কেন্দ্র করে মিশনের আরেক উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান অসন্তোষ প্রকাশ করেছেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত সঞ্চিতা হক ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় চীনের সাংহাইয়ে একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নেবেন আইরিন খান।
১২ নভেম্বর পাঠানো কূটনৈতিক নোটে বিষয়টি জানানো হয়। সূত্রের দাবি, নিজের চেয়ে জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় ওয়াহিদুজ্জামান ছুটির আবেদন করেছেন। ২০০৩ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া সঞ্চিতা হক নিউইয়র্ক, জেনেভা ও নয়াদিল্লিতে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।
